বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে দলের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হননি। বিদায়ের সময় কোনো ধরনের ভিড় বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়—সে উদ্দেশ্যেই তিনি নেতা-কর্মীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টা) তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান ঘোষণা দেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। ওই সভাতেই তিনি যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
সভায় দেওয়া বক্তব্যে তিনি স্পষ্টভাবে অনুরোধ জানান, তার বিদায়ের সময় যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। বিমানবন্দরে ভিড় হলে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে এবং এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তারেক রহমানের এই অনুরোধ অনুযায়ী যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা তা মেনে চলেছেন। গতকাল সরেজমিনে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল–৪ এলাকায় দেখা যায়, তারেক রহমান বিমানবন্দরে প্রবেশের সময় সেখানে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এর মধ্যে ৪০ থেকে ৫০ জন বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী। বাকিরা মূলত ওই ফ্লাইটের যাত্রী ছিলেন। যদিও তাদের মধ্যে কয়েকজন যুক্তরাজ্য বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
এ সময় বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ছাড়া দল বা অঙ্গসংগঠনের অন্য কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার তারেক রহমান প্রথমে সিলেটে পৌঁছাবেন। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরের রেড জোনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সেখানে যাবেন। গণসংবর্ধনাস্থলে ইতোমধ্যে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে।
গণসংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।