বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে ধাওয়া করে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের করা মামলায় গত ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সম্প্রতি তিনি নিজ এলাকায় অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় তিনি ঢাকায় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৬ মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিলে পিবিআই তদন্ত শেষে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করে। অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার কথা বলে অভিযুক্ত ব্যক্তি একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাত করাতে চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগও করা হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় ক্লিনিক ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
এছাড়া সিনেমা নির্মাণের কথা বলে ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে মামলায়।