শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছেন হিরো আলম


প্রকাশ :

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুখ হিরো আলম এবার নিজের কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করেছেন। ২১ দিন কারাগারে কাটানোর অভিজ্ঞতাকে কেন্দ্র করেই এই সিরিজটি তৈরি করার উদ্যোগ নিয়েছেন তিনি।

জানা গেছে, সিরিজটিতে কারাগারে কাটানো সময়ের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা এবং বন্দিজীবনের দৈনন্দিন চিত্র তুলে ধরা হবে। বিশেষ করে জেলের ভেতরের পরিবেশ, বন্দিদের জীবনযাপন, নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থার নানা দিক এতে স্থান পাবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, কারাগারে কাটানো সময় তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। সেখানে বন্দিদের জীবনযাপন, প্রতিদিনের রুটিন এবং কঠোর নিয়মকানুন তিনি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। সেই অভিজ্ঞতাগুলোই দর্শকদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ওয়েব সিরিজটি নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।

তিনি আরও জানান, সাধারণ মানুষ বাইরে থেকে কারাগারের ভেতরের জীবন সম্পর্কে খুব বেশি জানেন না। কিন্তু ভেতরে গেলে বোঝা যায় সেখানে প্রতিটি দিন ভিন্ন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। বন্দিদের দিনযাপন, তাদের সংগ্রাম এবং কারাগারের পরিবেশ—এসব বিষয় সিরিজটিতে তুলে ধরার চেষ্টা থাকবে।

হিরো আলমের ভাষ্য, এই সিরিজে তার নিজের অভিজ্ঞতার পাশাপাশি কারাগারে দেখা বিভিন্ন মানুষের গল্পও প্রতিফলিত হবে। বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ঘটনাগুলো সাজানো হবে, যাতে দর্শকরা বন্দিজীবনের একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন।

জানা গেছে, খুব শিগগিরই ওয়েব সিরিজটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হতে পারে। গল্প, চিত্রনাট্য এবং অভিনয়ে হিরো আলম নিজেই যুক্ত থাকবেন। তবে সিরিজটি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।