বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

রাজনীতি থেকে সরে অভিনয়ে মন দিতে চান দেব


প্রকাশ :

টালিউড অভিনেতা ও সাবেক সাংসদ দেব এবার রাজনীতি নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন। দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে থাকার পর তিনি জানিয়েছেন, ভবিষ্যতে অভিনয়েই বেশি মনোযোগ দিতে চান।

২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে আসেন দেব। এরপর টানা এক দশকের বেশি সময় সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নতুন রাজনৈতিক বাস্তবতায় তিনি যেন নতুন বার্তা দিলেন।

বুধবার (৬ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপির বিজয়ে শুভেচ্ছা জানান এই অভিনেতা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলার জনগণের রায়কে সম্মান জানিয়ে নতুন সরকারকে অভিনন্দন এবং রাজ্যের উন্নয়ন, শান্তি ও মানুষের মতামতের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন দেব। তার ভাষ্য, চলচ্চিত্র জগতে বিভাজন ও নিষেধাজ্ঞার সংস্কৃতি দূর করে ঐক্য ও সৃজনশীল স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তিনি মনে করেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমেই বাংলা চলচ্চিত্র শিল্প আরও এগিয়ে যেতে পারে।

নিজের নির্বাচনী এলাকা ঘাটালের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন দেব। বিশেষ করে দীর্ঘদিনের আলোচিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। তার মতে, এটি কেবল উন্নয়ন প্রকল্প নয়, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, দলের পরাজয়ে কষ্ট পেলেও রাজ্যের পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন দেব। তিনি বলেন, এখন চলচ্চিত্র শিল্পে কাজের পরিবেশ আরও স্বাভাবিক হবে এবং বাইরের প্রযোজনাও বাড়তে পারে।

এ সময় তিনি স্পষ্টভাবেই বলেন, “রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।”

দেব আরও জানান, তিনি সবসময় বাংলা চলচ্চিত্র শিল্পের কল্যাণ চেয়েছেন এবং ভবিষ্যতেও শিল্পের স্বার্থে কাজ করে যেতে চান।

তবে তৃণমূলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাকে রাজনীতি থেকে দূরে থেকে শুধুই অভিনয়ে মন দেওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, সমালোচনার বড় অংশটি ‘রাজনীতিক দেব’-কে ঘিরে হলেও ‘অভিনেতা দেব’-এর জনপ্রিয়তায় এখনো ভাটা পড়েনি।