ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এ অনুষ্ঠিত হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বহুল আলোচিত এই বিয়েকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
এদিকে এই তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় তিনি দুই পরিবারকে অভিনন্দন জানিয়ে নবদম্পতির সুখী ও সমৃদ্ধ জীবনের কামনা করেন। ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের মাধ্যমে তাদের নতুন জীবন এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
তারকা জুটির সামাজিক মাধ্যমে সেই শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হলে ভক্তদের মধ্যে বিয়ের আমেজ আরও বেড়ে যায়।
এর আগে গায়ে হলুদের আয়োজন সম্পন্ন হয়েছে। খোলা আকাশের নিচে সাজানো মঞ্চ, গোলাপ ও গাঁদা ফুলের পাপড়িতে সজ্জিত পরিবেশ এবং নান্দনিক সাজে অনুষ্ঠানে ছিল ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। মঞ্চের মাঝখানে রাখা পিঁড়ি, চারপাশে ফুলের নকশা—সব মিলিয়ে আয়োজনটি হয়ে ওঠে দৃষ্টিনন্দন।
বিয়েকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তা বলয়ের পাশাপাশি বিশেষ নিরাপত্তা দলও দায়িত্ব পালন করছে। আয়োজকরা জানিয়েছেন, কেবল ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও চলচ্চিত্র অঙ্গনের নিকটজনদের উপস্থিতিতেই সম্পন্ন হবে মূল আয়োজন।