চিত্রনায়িকা পূর্ণিমা ওমরাহ পালন করেছেন। ইবাদত শেষ করে নিজের অনুভূতি ও মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। মদিনার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে তোলা ছবিগুলো ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
ছবিতে দেখা যায়, আবায়া ডিজাইনের কালো বোরকা পরেছেন অভিনেত্রী, সঙ্গে সাদা হিজাব। পরিমিত ও স্নিগ্ধ এই লুক ভক্তদের নজর কেড়েছে।
ক্যাপশনে ওমরাহ পালন শেষে নিজের অনুভূতি জানিয়ে পূর্ণিমা লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ সঙ্গে হ্যাশট্যাগে যোগ করেন—পূর্ণিমা, ওমরাহ ২০২৫ এবং আবায়া স্টাইল।
এর আগে কালো বোরকা পরেই মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন তিনি। সেসব ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হন অভিনেত্রী।
বছরের শুরুতেই ওমরাহ পালনের এই পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের দোয়া ও শুভেচ্ছায় ভাসছেন পূর্ণিমা। অনেকেই তার ইবাদত কবুল হওয়ার দোয়া করেছেন।
ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নিজে থেকে প্রকাশ করেননি তিনি।