বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা ও র্যাপার উইল স্মিথ। ভারতের শীর্ষ তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে চান তিনি—এ কথা আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই, নিজেই প্রকাশ্যে জানালেন স্মিথ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে উইল স্মিথ জানান, বলিউডে কাজের বিষয়ে তিনি ইতোমধ্যেই কয়েকজন ভারতীয় তারকার সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন। নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা খোলাসা করেন।
উইল স্মিথের ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে বহু ভারতীয় শিল্পী হলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে উল্টো চিত্রটি তেমন দেখা যায় না। সেই ব্যবধান কমাতেই তিনি বলিউডে কাজ করতে চান।
তিনি জানান, সালমান খানের সঙ্গে অভিনয় নিয়ে তার কথা হয়েছে এবং কয়েক দফা আলোচনা হয়েছে। অমিতাভ বচ্চনের সঙ্গেও একটি প্রজেক্ট নিয়ে কথা এগোলেও সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবু থেমে যেতে চান না স্মিথ।
এবার তার নজর বলিউড বাদশা শাহরুখ খানের দিকে। সরাসরি শাহরুখকে উদ্দেশ করে রসিক ভঙ্গিতে তিনি বলেন, ‘কী খবর?’
এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও প্রয়াত ইরফান খানের মতো ভারতীয় তারকারা হলিউডে কাজ করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। সেই ধারার উল্টো পথে এবার কোনো হলিউড তারকার বলিউডে অভিষেক ঘটতে পারে—এমন সম্ভাবনাই তৈরি হয়েছে উইল স্মিথের ঘোষণায়।
ব্যক্তিগত জীবনে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্কের মুখে পড়েছেন উইল স্মিথ। নানা অভিযোগ ও আইনি জটিলতায় তার নাম উঠে এসেছে, যা বিশ্ব বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সেই প্রেক্ষাপটেই বলিউডে কাজের ইচ্ছা প্রকাশ করায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে তার ভক্তদের মধ্যে।