প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। গত ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিকের ১৯তম পর্ব মুক্তি পেয়েছে গেল বুধবার।
মুক্তির পর মাত্র তিন দিনের ব্যবধানে ওই পর্বটি ৯৬ লাখের বেশি বার দেখা হয়েছে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রথম পর্বই অতিক্রম করেছে ১ কোটি ৩০ লাখ ভিউ। অন্য পর্বগুলোর কোনোটির ভিউ ১ কোটির কাছাকাছি, আবার কোনোটি ছাড়িয়েছে ৮০ লাখ।
এক পরিবারের দৈনন্দিন টানাপোড়েন, সম্পর্কের টান আর আবেগের গল্প নিয়েই এগিয়েছে ধারাবাহিকটি। সেই পরিচিত বাস্তবতার কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে নাটকটি নিয়ে।
ফেসবুকে দর্শক সুমন ইসলাম লিখেছেন, “দীর্ঘদিন পর পরিবার নিয়ে একসঙ্গে বসে দেখার মতো একটা ধারাবাহিক পেলাম। নাটকটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে।”
আরেক দর্শক মারিয়া তাবাসসুম লিখেছেন, “আমাদের পুরো পরিবার নাটকটি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি।”
ধারাবাহিকটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। মোট ৫২ পর্বের এই নাটকের প্রচার শেষ হওয়ার কথা আগামী এপ্রিল মাসে।
একসময় ঢাকার ধারাবাহিক নাটক দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল। সময়ের সঙ্গে সেই আগ্রহ অনেকটাই কমে যায়, দর্শক ঝুঁকে পড়ে বিদেশি ধারাবাহিকের দিকে। এমন বাস্তবতায় ‘এটা আমাদেরই গল্প’ নতুন করে নজর কেড়েছে। অনেক দর্শকের মতে, এই নাটকের গল্প ও চরিত্রে তারা নিজেদের জীবনকেই খুঁজে পান, যা একে পরিবারসহ দেখার মতো একটি ধারাবাহিকে পরিণত করেছে।
নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরীসহ আরও অনেকে।