দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়কে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই উন্মাদনাই এবার চেন্নাই বিমানবন্দরে গিয়ে রূপ নেয় বিব্রতকর পরিস্থিতিতে। অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়িতে বেশ বিপাকে পড়েন এই সুপারস্টার।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, রোববার (২৮ ডিসেম্বর) রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফেরেন বিজয়। সেখানে তিনি তার নতুন চলচ্চিত্র ‘জননায়কন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রিয় অভিনেতার এক ঝলক দেখার আশায় আগেই বিমানবন্দরের বাইরে জড়ো হন অসংখ্য ভক্ত।
টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় ভিড় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভক্তদের চাপে তার চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেউ হাত ধরছেন, কেউ আবার পোশাক টানছেন—এতে একসময় ভারসাম্য হারানোর মতো অবস্থাও তৈরি হয়।
ভিড়ের চাপে পোশাক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলেও দেহরক্ষীদের দ্রুত হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন বিজয়।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এমন ঘটনা এখন নিয়মিতই ঘটছে। সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে ও সামান্থা রুথ প্রভুর মতো তারকারাও ভক্তদের অতিরিক্ত আগ্রহের কারণে একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছেন। ফলে তারকাদের নিরাপত্তা ও ভক্তদের আচরণ নিয়ে বিনোদন অঙ্গনে নতুন করে উদ্বেগ বাড়ছে।