চলতি বছরে ঢালিউডের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ব্যবসায়িক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, আলোচিত শীর্ষ পাঁচটি সিনেমা দেশের বাজার থেকে মোটামুটি ৬০ কোটির কাছাকাছি আয় করেছে। যদিও চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি, দেশে সমন্বিত বক্স অফিস ব্যবস্থা থাকলে প্রকৃত আয়ের পরিমাণ আরও বেশি হতো। গল্প, নির্মাণ, তারকাসমৃদ্ধ কাস্ট ও দর্শক সাড়ার কারণে যেসব সিনেমা বছরজুড়ে আলোচনায় ছিল, সেগুলোকেই এক নজরে তুলে ধরা হলো।
বরবাদ
২০২৫ সালের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর শীর্ষে ছিল মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি নির্মাণশৈলী, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ভিন্নধর্মী গল্পের কারণে দর্শক-সমালোচক সবার কাছেই প্রশংসিত হয়। রোজার ঈদে মুক্তি পাওয়া ১৫ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে প্রায় ৩০ কোটি টাকা।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। খল চরিত্রে যিশু সেনগুপ্ত এবং শাকিবের সহকারীর ভূমিকায় শ্যাম ভট্টাচার্যের অভিনয়ও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
জংলি
রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটি অভিনেতা সিয়াম আহমেদের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। এম রহিম পরিচালিত এই সিনেমায় শিশুদের প্রতি সহিংসতা ও শ্লীলতাহানির বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়, যা সব বয়সী দর্শকের মন ছুঁয়ে যায়।
সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, সিনেমাটি আনুমানিক ৫ কোটি টাকা আয় করে বছরের ব্যবসাসফল সিনেমার তালিকায় জায়গা করে নেয়।
উৎসব
কোরবানির ঈদে মুক্তি পাওয়া পারিবারিক গল্পনির্ভর সিনেমা ‘উৎসব’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তানিম নূর পরিচালিত এই সিনেমাটি নব্বই দশকের আবেগঘন পারিবারিক গল্পের স্মৃতি ফিরিয়ে আনে।
আফসানা মিমি, জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী ও সাদিয়া আয়মানসহ এক ঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীর উপস্থিতিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করে। এর আনুমানিক আয় ছিল প্রায় ৬ কোটি টাকা।
তাণ্ডব
ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ছিল বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। শাকিব খানের সঙ্গে এই নির্মাতার দ্বিতীয় কাজটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল শুরু থেকেই। শাকিব খানের নতুন ‘তামাটে লুক’ এবং বড় কাস্টিং সিনেমাটিকে আলোচনায় রাখে।
শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন এবং ক্যামিও চরিত্রে সিয়াম আহমেদ ও আফরান নিশো। পাইরেসির কারণে কিছুটা ব্যবসায়িক ক্ষতি হলেও সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি।
দাগি
রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাটি অভিনেতা আফরান নিশোর উপস্থিতির কারণে শুরু থেকেই আলোচনায় ছিল। মুক্তির পর প্রযোজক পক্ষ এটিকে ‘ব্লকবাস্টার হিট’ হিসেবে দাবি করে।
বছরের শুরুতে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘দাগি’ দর্শকদের মাঝে আলাদা উত্তেজনা তৈরি করে এবং এর বাণিজ্যিক প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। সিনেমাটির আনুমানিক আয় ছিল প্রায় ৭ কোটি টাকা।