শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’ শুরু থেকেই আলোচনায়। আবু হায়াত মাহমুদের প্রথম পরিচালিত এই বড় বাজেটের সিনেমায় থাকছেন আন্তর্জাতিক অভিনয়শিল্পীরাও। পরিকল্পনা অনুযায়ী রোজার ঈদেই মুক্তির লক্ষ্য ঠিক রেখেছে টিম।
কিন্তু সেই সময়সীমা এখনই চাপ তৈরি করেছে। শুটিংসহ প্রস্তুতির সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে কি না—এ নিয়ে ভেতরে ভেতরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পরিচালক অবশ্য অনিশ্চয়তার কথা মানতে চান না। তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুটিং শুরু হবে। তাঁর কথায়, আগামী সপ্তাহের মধ্যে বাকি দুই নায়িকার বিষয়েও চূড়ান্ত ঘোষণা আসবে। টিম এখনো ঈদেই ছবিটি নামানোর লক্ষ্য ধরে এগোচ্ছে।
অন্যদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, শুটিং যদি নির্ধারিত সময় অনুযায়ী না শুরু হয়, তবে ঈদে মুক্তি দেওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে। সে কারণে প্রযোজনা প্রতিষ্ঠান বিকল্প হিসেবে পরবর্তী ঈদে মুক্তির পরিকল্পনাও বিবেচনায় রাখছে।
সব মিলিয়ে ‘প্রিন্স’ ঘিরে সময়সীমা নিয়ে যে চাপ তৈরি হয়েছে, তা নতুন করে জল্পনা বাড়িয়েছে। ছবিটিতে শাকিবের সঙ্গে তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও আরও দুই অভিনেত্রীর নাম এখনো প্রকাশ করা হয়নি। পাশাপাশি বলিউড তারকা জ্যাকি শ্রফকে নেয়ার বিষয়েও আলোচনা চলছে।