ভারতীয় বাংলা সিরিয়ালের আলোচিত জুটি দিতিপ্রিয়া রায় ও জিতু কামাল আবারও খবরের কেন্দ্রে। পর্দায় তারা যতটা কাছাকাছি, বাস্তবে নাকি সম্পর্কের অবস্থা ঠিক উল্টো দিকে হাঁটছে।
আনন্দবাজারের তথ্যমতে, ধারাবাহিকে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মতবিরোধ থেকেই দুজনের মধ্যে বিরোধ জমতে থাকে। সেই টানাপোড়েন এমন জায়গায় পৌঁছেছে যে সিরিয়ালটি চালু রাখা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শুটিং সেটে দেরিতে আসা, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়িকার আপত্তি—সব মিলিয়ে পরিস্থিতি নাকি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছে। সাধারণত জিতুর চেয়ে প্রায় পনেরো মিনিট পরে সেটে পৌঁছান দিতিপ্রিয়া। এতে একসময় ক্ষুব্ধ হয়ে জিতু শুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে যান বলেই জানা গেছে। এখান থেকেই নাকি নতুন করে বিরোধের সূত্রপাত।
ইন্ডাস্ট্রিতে আরেকটি গুঞ্জন ছড়িয়েছে—রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে দিতিপ্রিয়ার দ্বিধা কাজকে আরও ধীর করে দিচ্ছে। ফলে সেটে চাপা অস্থিরতা বাড়ছেই। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দিতিপ্রিয়া বা জিতু কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
ধারাবাহিকে কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভ্রজিৎ চক্রবর্তী জানান, তার শুটিং সময় দুজনের সঙ্গে মেলে না, তাই উত্তেজনার কিছু তিনি অনুভব করেননি। ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে তিনি শুধু এটুকুই বলেন—দর্শক যতদিন আগ্রহ দেখাবেন, সিরিয়াল ততদিন চলবে।
এর আগেও সামাজিক মাধ্যমে এই জুটির পেশাগত টানাপোড়েন প্রকাশ পেয়েছিল। বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন, বিরোধ দ্রুত না থামলে জনপ্রিয় এই ধারাবাহিকটি সত্যিই বিপাকে পড়তে পারে।