মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতা করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পরই তিনি বিশ্বসুন্দরীর মঞ্চে ওঠার সুযোগ পান।
অক্টোবরের শেষ দিকে জাতীয় পতাকা হাতে নিয়ে থাইল্যান্ডে পৌঁছান মিথিলা। সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন ও গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম। ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে লড়াইয়ে দারুণ পারফর্ম করছেন তিনি।
বর্তমানে অনলাইন ভোটে ৭৩ হাজার ভোট পেয়ে বিশ্বমঞ্চে পঞ্চম অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি জানাতে গিয়ে মিথিলা লিখেছেন,
“আমি কাঁদছি, জানি না কী বলব। আপনাদের অমূল্য ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে অসীম ধন্যবাদ।”
তিনি আরও লেখেন, “আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। এবার আমাদের একসঙ্গে কাজ করতে হবে—বাংলাদেশকে বিশ্বসুন্দরীর মুকুট এনে দিতে।”
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের কাছ থেকে নতুন বিশ্বসুন্দরীর হাতে যাবে কাঙ্ক্ষিত মুকুট।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা ও ২০২৪ সালে আনিকা আলম বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার অর্জন এখন পর্যন্ত বাংলাদেশের মিস ইউনিভার্স ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে।