শাহরুখ খানকে ঘিরে আবারও তোলপাড় বলিউড। তার নতুন ছবি ‘কিং’-কে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনার ঝড়। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য আর তারকাবহুল কাস্টিং—সব মিলিয়ে এটি হতে চলেছে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে কাহিনি ও অ্যাকশন দৃশ্যের পরিধি বাড়তে বাড়তে সেই বাজেট এখন ছুঁয়েছে প্রায় ৩৫০ কোটি রুপি। এর সঙ্গে এখনো যুক্ত হয়নি বিপণন ও প্রচারণার খরচ।
প্রথমে প্রকল্পটি হাতে নিয়েছিলেন পরিচালক সুজয় ঘোষ। তখন শাহরুখের ভূমিকাটি ছিল তুলনামূলক সীমিত। পরে সিদ্ধার্থ আনন্দ ছবিটি হাতে নিয়ে শাহরুখের সঙ্গে বসে নতুন করে গল্প, স্কেল ও ভিশন সাজান। তাদের লক্ষ্য ছিল এমন একটি ভারতীয় অ্যাকশন ফিল্ম তৈরি করা, যা ভিজ্যুয়াল এবং নির্মাণমানের দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে।
ছবিটিতে থাকবে ছয়টি বৃহৎ অ্যাকশন সিকোয়েন্স—এর মধ্যে তিনটি বাস্তব লোকেশনে শুট হবে, বাকিগুলো বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখ খানের প্রবেশদৃশ্য (ইনট্রো সীন) নিয়েই ব্যয় করা হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।
প্রযোজনায় আছেন গৌরী খান ও মমতা আনন্দ, আর শাহরুখ নিজেও প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। ট্রেড বিশ্লেষকদের মতে, ‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ব্যয়সাপেক্ষ প্রকল্প হতে যাচ্ছে, যা ২০২৬ সালে মুক্তির পর নতুন রেকর্ড গড়তে পারে ভারতীয় বক্স অফিসে।