বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাকে অনেকদিন পর আবারও পর্দায় নাচতে দেখা গেল সঙ্গীতশিল্পী হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ। কিন্তু ভক্তদের প্রত্যাশার বদলে এই ভিডিও ঘিরে এখন তুমুল বিতর্ক।
ভিডিও প্রকাশের পর থেকেই মালাইকার নাচ ও অঙ্গভঙ্গিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেক দর্শক অভিযোগ করছেন, ভিডিওটিতে শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে। কেউ কেউ লিখেছেন, ‘নাচের মধ্যে কোনো আবেদন নেই, শুধু অশালীনতা।’
ভারতের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওর কিছু দৃশ্যে মালাইকাকে কখনও চুইংগাম চিবাতে, কখনও জিভ বের করে নাচতে দেখা যায়—যা অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়েছে।
সমালোচনার পাশাপাশি হতাশাও প্রকাশ করেছেন মালাইকার পুরোনো ভক্তরা। তাদের মতে, একসময় ‘ছাইয়া ছাইয়া’ বা ‘থামা থামা’ গানের মতো আইটেম নম্বরে মালাইকা ছিলেন অনন্য। কিন্তু ‘চিলগাম’ ভিডিওতে সেই নাচের জৌলুস বা নান্দনিকতা নেই। কেউ কেউ এমনকি গানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।
ভিডিওটিতে ব্যবহৃত নাচের ধরন ‘টোয়ার্কিং’, যেখানে মূলত নিতম্বের নড়াচড়া দিয়ে ছন্দ তৈরি করা হয়। অনেক দর্শকই জানিয়েছেন, এই নাচে মালাইকা স্বাচ্ছন্দ্যবোধ না করায় পারফরম্যান্সটি দেখতেও অস্বস্তিকর লেগেছে।
অন্যদিকে, কিছু নেটিজেন তুলনা টেনেছেন সুনিধি চৌহানের ‘আঁখ’ গান বা তামান্না ভাটিয়ার ‘গফুর’ নাচের সঙ্গে। তাদের মতে, ‘চিলগাম’ ভিডিওতে সেই সুষমা, ছন্দ ও কোরিওগ্রাফি অনুপস্থিত।
বিতর্ক যাই হোক, ভিডিওটি ইউটিউবে প্রকাশের পরই কয়েক ঘণ্টার মধ্যে লাখ লাখ ভিউ পার করেছে। ফলে সমালোচনার মধ্যেও আলোচনা থামছে না মালাইকা ও হানি সিংকে ঘিরে।