বলিউডের সুপারস্টার শাহরুখ খান মানেই ভক্তদের আলাদা উত্তেজনা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে সাধারণ নিরাপত্তা তল্লাশির সময় অভিনেতার আচরণ নজর কেড়েছে নেটিজেনদের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মুম্বাই বিমানবন্দরে পৌঁছান শাহরুখ খান। এ সময় তার পরনে ছিল আকাশি রঙের হুডি ও জিন্স, মাথায় কালো ক্যাপ এবং চোখে সানগ্লাস।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা চেকিংয়ের সময় একজন নিরাপত্তারক্ষী শাহরুখ খানকে থামিয়ে সানগ্লাস খুলতে বলেন। বিষয়টি পুরোপুরি নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হলেও মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে যায়।
এ অবস্থায় কোনো বিরক্তি বা তর্কে না জড়িয়ে নিরাপত্তারক্ষীর নির্দেশ মেনে নেন শাহরুখ। হাসিমুখে সানগ্লাস খুলে দেন এবং তল্লাশি শেষে গার্ডের কাঁধে আলতোভাবে হাত রেখে সামনে এগিয়ে যান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় প্রশংসার ঝড় ওঠে। অনেকেই শাহরুখ খানের ভদ্রতা ও দায়িত্বশীল আচরণের প্রশংসা করেন। একজন ভক্ত মন্তব্য করেন, “এই কারণেই তিনি রাজা।” আরেকজন লেখেন, “একজন সচেতন নাগরিক হিসেবে তিনি জানেন, নিরাপত্তারক্ষীরা শুধু তাদের দায়িত্বই পালন করছেন।”
এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার একমাত্র কন্যা সুহানা খান।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় আরও অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাডুকোন ও অভিষেক বচ্চন। ইতোমধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।