দক্ষিণী চলচ্চিত্র তারকা ধানুশকে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেনান্ডাল ফিল্মস। দীর্ঘদিন ধরে একটি সিনেমার কাজ আটকে থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ‘নান রুদ্রন’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ধানুশের সঙ্গে চুক্তি করেছিল প্রযোজনা সংস্থাটি। তবে চুক্তির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটির শুটিং শুরু হয়নি বলে দাবি করা হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, ধানুশ ওই প্রকল্পে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বেও থাকার কথা ছিল। পরবর্তীতে পরিকল্পনায় কিছু পরিবর্তন এলেও প্রযোজনা সংস্থা এতে সম্মতি দিয়েছিল বলে জানা গেছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, পূর্ণাঙ্গ চিত্রনাট্য না পাওয়ায় সিনেমাটির কাজ দীর্ঘদিন ধরে স্থগিত অবস্থায় রয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ছবির প্রাথমিক প্রস্তুতি ও অন্যান্য খাতে তারা প্রায় ২০ কোটি রুপি অগ্রিম বিনিয়োগ করেছে। এছাড়া সম্ভাব্য অভিনয়শিল্পীদের নিয়ে প্রস্তুতি ও বিভিন্ন ব্যয়ও ইতোমধ্যে সম্পন্ন হয়েছিল, যা বিলম্বের কারণে আর্থিক ক্ষতির কারণ হয়েছে বলে তাদের অভিযোগ।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ দাবি পূরণ না হলে তারা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে। অভিযোগে উল্লেখ করা হয়, আটকে থাকা এই প্রকল্পের কাজ শেষ না করেই ধানুশ অন্য চলচ্চিত্রে সময় দিয়েছেন।