সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

বছরের শেষে বড় পর্দায় ফিরছেন শাহরুখ, মুক্তির তারিখ পেল ‘কিং’


প্রকাশ :

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ ঘিরে দর্শক-ভক্তদের কৌতূহল ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি নিজেই। নতুন একটি টিজারের মাধ্যমে সিনেমাটির মুক্তির সময় জানিয়ে দিয়েছেন বলিউডের এই তারকা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশিত ৪৫ সেকেন্ডের একটি ঝলকের মধ্য দিয়ে জানানো হয়, আগামী বছরের বড়দিনে প্রেক্ষাগৃহে আসছে ‘কিং’। সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করে মুক্তির ঘোষণা দেন শাহরুখ খান নিজে।

প্রকাশিত ভিডিওতে শাহরুখ খানকে দেখা যায় একেবারে ভিন্ন রূপে। তুষারে ঢাকা পাহাড়ি এলাকায় রক্তাক্ত মুখ আর কঠিন দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা তার উপস্থিতি মুহূর্তেই দর্শকের নজর কাড়ে। টিজারে তার কণ্ঠে শোনা যায় একটি সংলাপ, যা সিনেমাটির চরিত্র ও আবহের ইঙ্গিত দেয়।

টিজারের শেষাংশে ভেসে ওঠে একটি বার্তা—বছরের শেষটা যে ভয় আর উত্তেজনায় ভরপুর হতে যাচ্ছে, সেই ইঙ্গিতই দেওয়া হয়। অ্যাকশন ও থ্রিলারের মিশেলে নির্মিত এই সিনেমা যে দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা আনবে, তা টিজারেই স্পষ্ট।

টিজার প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই মনে করছেন, ‘কিং’-এর মাধ্যমে শাহরুখ খান আবারও তার পরিচিত ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রে ফিরছেন। চোখের অভিব্যক্তি, শারীরিক উপস্থিতি ও দৃশ্যের নির্মাণশৈলী নিয়ে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো—প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই জুটি দর্শকদের জন্য নতুনত্ব নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—টানা তিনটি সফল সিনেমা উপহার দেওয়ার পর কিছু সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। প্রায় তিন বছরের বিরতি শেষে ‘কিং’ দিয়ে তার প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।