প্রথমবারের মতো কোনো ভারতীয় টিভি সিরিয়ালে হাজির হয়ে আলোচনায় এসেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক বিল গেটস। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’-এর দ্বিতীয় সিজনে তাকে দেখা গেছে একটি বিশেষ পর্বে।
২০০০ সালের জুলাই থেকে টানা সাড়ে আট বছর প্রচারিত হয়েছিল এই সিরিয়ালের প্রথম পর্ব। নববধূ তুলসীর চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। দুই দশক পর, চলতি বছরের জুলাইয়ে সিরিয়ালটি নতুন করে ফিরেছে পর্দায়। এবার গল্পের তুলসী মধ্যবয়সী, শিগগিরই শাশুড়ি হতে চলেছেন।
তবে সিরিয়ালটি যতটা না কাহিনির কারণে আলোচনায়, তার চেয়ে বেশি আলোচনায় বিল গেটসের উপস্থিতি। বৃহস্পতিবার রাতের একটি পর্বে দেখা যায়, স্মৃতি ইরানি অভিনীত তুলসীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন গেটস। মাতৃ ও শিশুর স্বাস্থ্য নিয়ে আলাপের দৃশ্যটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
গেটস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে সরকারের সঙ্গে যৌথভাবে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে কাজ করছে। সেই প্রচারণার অংশ হিসেবেই এই অংশগ্রহণ বলে জানিয়েছে স্টার প্লাস কর্তৃপক্ষ।
পর্বটির শুরুতে বিল গেটসকে আমেরিকান উচ্চারণে হিন্দি বলতে শোনা যায়, ‘নমস্তে তুলসীজি।’ তুলসী হেসে জবাব দেন, ‘হ্যাঁ, একদম!’ এরপর গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে দুজনের আলোচনা চলে।
গল্পে দেখা যায়, তুলসীর ছেলে মায়ের স্বাস্থ্যপরামর্শের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে গেটসকে ট্যাগ করলে তিনি ভিডিও কলে কথা বলার আমন্ত্রণ জানান।
পর্বের শেষদিকে গেটস ও তুলসী একমত হন এই কথায়— “যখন মায়েরা সুস্থ থাকেন, তখন শিশুরা ভালোভাবে বেড়ে ওঠে, আর তখনই বিশ্ব এগিয়ে যায়।”
মাত্র চার মিনিটের এই দৃশ্য ইনস্টাগ্রামে এক দিনেরও কম সময়ে ছয় মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। হাজারো দর্শক মন্তব্যে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেছেন, অনেকে বলছেন— ‘তুলসীর সঙ্গে বিল গেটস! একদম অপ্রত্যাশিত জুটি।’