বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরের এম ব্লকে এই ঘটনাটি ঘটে।
হিরো আলম জানান, তালাকের আনুষ্ঠানিক কাগজপত্র তার আইনজীবী প্রস্তুত করেছেন এবং তিন মাসের মধ্যে রিয়া মনি আদালতের মাধ্যমে তালাকনামা পাবেন।
তালাকের ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, “যদি কোনোদিন রিয়া মনিকে স্ত্রী হিসেবে দাবি করি বা গণমাধ্যমের সামনে তেমন কিছু বলি, তাহলে আপনারা আমাকে শাস্তি দেবেন।”
এর আগে, শনিবার সকালে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “আজ আফতাবনগরে রিয়া মনিকে তালাক দেবো। এরপর কিছু নারী ভক্ত দুধ নিয়ে এসে আমাকে গোসল করাবে।”
তালাকের পরই নতুন বিয়ে করবেন—এমন গুঞ্জন ছড়ালেও হিরো আলম তা নাকচ করেছেন। তিনি বলেন, “বিয়ের চিন্তা এখন আর নেই। আমার তিন সন্তানকে মানুষ করতে একজন মায়ের প্রয়োজন, সঙ্গী নয়। আগে দুইবার বিয়ে করেছি—দুজনই মিডিয়ায় জনপ্রিয় হওয়ার লোভে আমাকে ছেড়ে গেছে। সংসার টিকল না, কারণ ওরা সংসার নয়, খ্যাতি চেয়েছিল।”