রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

‘প্রিয়তমা’র অফার ভেবেছিলাম মজা করছে কেউ: ইধিকা পাল


প্রকাশ :

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় তাদের রসায়ন দর্শকের মনে জায়গা করে নেয়। তবে মজার বিষয় হলো—প্রথমে সিনেমার প্রস্তাবটিকে ভুয়া মনে করেছিলেন ইধিকা নিজেই।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা বলেন, “তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম। হঠাৎ একদিন ফোন এলো। বলা হলো, শাকিব খানের সঙ্গে ছবি করার প্রস্তাব আছে। আমি ভেবেছিলাম কেউ মজা করছে। পরে যখন বুঝলাম প্রস্তাবটা সত্যি, তখন বিশ্বাসই হচ্ছিল না। সেটিই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। বাংলাদেশে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।”

‘প্রিয়তমা’ মুক্তির পর ইধিকাকে ঘিরে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে টলিউড তারকা দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়েও আলোচনা চলে। ইধিকা এই বিষয়ে স্পষ্টভাবে বলেন, “এসব গুজব ছাড়া কিছুই না। এখন আমার সামনে অনেক কাজ, আমি কাজেই মনোযোগ দিতে চাই।”

গসিপ ও সমালোচনা নিয়ে ইধিকার মত, “সাফল্য আসলে গুজবও আসবে। জীবনে সব সময় ভালোই হবে, এমনটা আশা করা ঠিক না। তাই এসব বিষয় আমি স্বাভাবিকভাবে দেখি। ভালো বা খারাপ—দুটোই শেখায়।”

ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা ইধিকা জানালেন, তিনি এখন সম্পূর্ণ সিঙ্গেল এবং পুরো মনোযোগ দিচ্ছেন কাজের দিকেই।