বলিউড তারকা সোনাক্ষী সিনহা আর গুঞ্জনের হাত থেকে যেন রেহাই পাচ্ছেন না। বিয়ের কয়েক মাস পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর বারবার ঘুরে ফিরে আসছে। কিছুদিন আগেও এমন খবর ছড়ালে অভিনেত্রী খোলাখুলি বিরক্তি প্রকাশ করেছিলেন। তবু নেটদুনিয়া আবার সরগরম—সোনাক্ষী নাকি মা হতে যাচ্ছেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক জমকালো অনুষ্ঠানে স্বামী জহির ইকবালের সঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী। সেই অনুষ্ঠানেই ঘটে গল্পের মোড় ঘোরা ঘটনা।
একটি ভিডিওতে দেখা যায়, ফটোসাংবাদিকদের সামনে পোজ দিচ্ছেন সোনাক্ষী-জহির দম্পতি। হঠাৎ জহির তার স্ত্রীর পেটে আলতো করে হাত রেখে বলেন, “আসল সোনা!” মুহূর্তেই সোনাক্ষী অবাক হয়ে যান, আর জহির হেসে জানান—তিনি নাকি মজা করছিলেন। কিন্তু ততক্ষণে ভিডিওটি ভাইরাল, আর নেটপাড়ায় শুরু হয়েছে নতুন করে মা হওয়ার জল্পনা।
সেদিন সোনাক্ষীর পোশাকও নজর কেড়েছিল সবার। ঢিলেঢালা সাদা-লাল আনারকলি চুড়িদার, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর—পুরো লুকেই ছিল শান্ত, পরিণত এক আবহ। অনেকে দাবি করেছেন, তিনি ইচ্ছে করেই এমন পোশাক বেছে নিয়েছিলেন স্ফীতোদর ঢাকার জন্য। কেউ কেউ আরও বলছেন, অভিনেত্রীর চোখেমুখে মাতৃত্বের আভা স্পষ্ট।
অন্যদিকে, জহিরের পরনে ছিল কালো শেরওয়ানি ও সাদা পাজামা। হাতে হাত রেখে হাসিমুখে তারা হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। আর সেই হাসিই এখন হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।
২০২৪ সালের ২৩ জুন সোনাক্ষী ও জহিরের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পরই তার গর্ভধারণের গুঞ্জন উঠেছিল, যা সোনাক্ষী নিজেই উড়িয়ে দিয়ে বলেছিলেন—“অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়েছি।”
তবু এবার নেটিজেনরা বলছেন, এবার ব্যাপারটা “মজা” নয়—তাদের চোখে সোনাক্ষীর ভেতরে অন্য এক উজ্জ্বলতা।
সত্যি কি তবে নতুন জীবনের বার্তা আনছেন সোনাক্ষী? সময়ই বলবে।