রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

মায়ের মৃত্যু হয় আগুনে পুড়ে, মাইলস্টোনের ঘটনায় অসুস্থ পরীমণি


প্রকাশ :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। সোমবার দুপুরে এই দুর্ঘটনার পরে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় দেড়শ’র বেশি আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। অনেকেই কোমলমতি এই শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজড হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরই একজন চিত্রনায়িকা পরীমণি।

উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক অ্যাটাকডের শিকার তিনি। রাতেই তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসেই বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। যেখানে তিনি জানান, আগে থেকেই আগুনের প্রতি এক ধরণের ভয় রয়েছে তার। কিন্তু উত্তরার ঘটনা এতটাই প্রভাবিত করেছে, শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হয়েছে।

পরী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই।’

তিনি আরও লিখেছেন, ‘গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ!’

বলা প্রয়োজন, চিত্রনায়িকা পরীমণির মা অগুনে পুড়ে মারা গিয়েছিলেন। সেই ট্রমার কথা হয়তো আজও ভুলতে পারেন নি নায়িকা। সে কারণেই এখনো আগুনের জয় তার মধ্যে কাজ করে।

পরীমণির পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। পরীমণির মায়ের বিষয়টি কথা উল্লেখ করে তানিয়া সুজিন নামে একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘পরী তুমি জানো আগুনে পোড়া মানুষের দৃশ্য কত ভয়ংকর। কারণ, তোমার মাও আগুনে পুড়ে গিয়েছিল। সমবেদনা জানানোর ভাষা নেই। আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানোর। বিশেষ করে তোমরা যারা সেলিব্রেটি আছো।’

ফারজানা জলি নামে একজন লিখেছেন, ‘যারা মা হয়েছে সবারই এই অবস্থা। বুকটা ধরফর ধরফর করছে আর কাঁদতে পারছি না।’ তাসনুভা মেজান তৃষা লিখেছেন, ‘আমি এ সব ছবি ভিডিও দেখে এত ট্রমায় আছি যে কাল থেকে আমার হাজব্যান্ডও বুঝায় ঠিক করতে পারতেছে না।’

অভিনেত্রী বর্তমানে দুই সন্তানের মা। তাই ভক্ত-সহকর্মীরাও তার সুস্থতা কামনা করেছেন।