হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে তাকে আদালতে উপস্থিত করা হয়। ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
এর আগে, রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তারি পরোয়ানা দেখা দেওয়ায় তাকে আটক করা হয়।
ভাটারা থানার একটি সূত্র জানিয়েছে, গণ-অভ্যুত্থানের সময় দায়ের করা একটি মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় প্রবেশ করেন। এরপর তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার একাধিক সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি তিনি একজন সফল মডেল ও উপস্থাপক হিসেবেও পরিচিত।