বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী এবং গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়ের পরিকল্পনা-উদ্যোগে এবং বিশিষ্ট লেখক ও সমাজকর্মী জাকিউল ইসলাম ফারুকীর পৃষ্ঠপোষকতায় লালমনিরহাট শহরের সোনালী পার্কের মীর লাইব্রেরিতে শুরু হয়েছে লালমনিরহাট সিনে ক্লাব। চলতি মাসের ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' চলচ্চিত্র নিয়ে এটির উদ্বোধনী যাত্রা শুরু হয়।
সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি, হীরক রাজার দেশে প্রদর্শনীর মধ্য দিয়ে একে একে দেশ বিদেশের সিরিয়াস ও জনপ্রিয় চলচ্চিত্রের শো হবে এই ক্লাবটিতে।
সিনে ক্লাবের অন্যতম প্রধান উদ্যোক্তা দীপক রায় বলেন, লালমনিরহাটবাসীর জন্য এবং সুনির্দিষ্ট করে বললে সৃজনশীল মানুষের শিল্প চর্চার বিকাশে, সংস্কৃতি আন্দোলনে আমরা ভূমিকা রাখতে চাই ; সে লক্ষে সিনে ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এরই মধ্যে আমরা খন্দকার সুমনের 'সাঁতাও' সিনেমাটির প্রদর্শনী করেছি। মূলত প্রতি শুক্রবার এবং মাঝে মাঝে জাতীয় গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলোতে আমরা বড় পর্দায় সিনেমার আয়োজন অনুষ্ঠিত করতে চাই এরকম ভাবনা রয়েছে। আপাতত এর সৌজন্যমূলক শো-গুলো প্রচারিত হচ্ছে।
তিনি আরো বলেন, 'দেশের বিশিষ্ট চলচ্চিত্রকার এবং বিদ্বান মানুষকে আমরা এই সিনে ক্লাবের আড্ডা আলাপেও বিভিন্ন সময়ে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। লালমনিরহাটের নাগরিক সমাজ এবং সকল মননশীল, সৃজনশীল মানুষদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি।'
আগামীকাল ৩০ সেপ্টেম্বর অপরাজিত সিনেমা পরিবেশন করা হবে। সিনেমা শুরু হবে বিকাল ৫ টায়। তার আগে আড্ডা ও আলাপ শুরু হবে।
(প্রেস বিজ্ঞপ্তি)