রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল। তবে এদিন পরীমণির আইনজীবী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানি শেষ হয়েছে। স্থগিতাদেশ বিষয়ে সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য আবেদন করেন এ আইনজীবী। সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক প্রদীপ কুমার রায় সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য জানান।
এদিন পরীমণির পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে এসে হাজিরা দিয়েছেন।
গত বছরের ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।
২০২১ সালের ৪ আগস্ট বিকাল ৪টার পরপরই বনানীর ১২ নম্বর রোডের পরীমণির বাসায় অভিযান চালায় র্যাঠব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে পরীমণিকে কারাগারে পাঠানো হয়। ১৯ আগস্ট আবারও একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই বছরের ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ পরীমণির জামিন মঞ্জুর করেন। পরের দিন তিনি কারামুক্ত হন।
২০২১ সালের ৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।