শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর, ছাড়াল ২ কোটি ৩০ লাখ


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর, ছাড়াল ২ কোটি ৩০ লাখ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এখনও থামেনি। এবার আর্জেন্টিনাকে ভবিষ্যতের সব বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধ করার দাবিতে অনলাইনে চালু হওয়া একটি গণস্বাক্ষর কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে ওই আবেদনে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি স্বাক্ষর জমা পড়েছে।

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম ইউরোনিউজের বরাত দিয়ে জানিয়েছে, ‘লিভ, আর্জেন্টিনা’ শিরোনামের ওই অনলাইন পিটিশনে আর্জেন্টিনা ও দলটির অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে ফিফা এবং ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

পিটিশনের উদ্যোক্তাদের দাবি, বিশ্বকাপে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে প্রতিযোগিতা থেকে আজীবনের জন্য বহিষ্কার করা উচিত। তাদের ভাষ্য, ‘যদি আগে থেকেই বিজয়ী নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার অর্থ কী? সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া প্রয়োজন।’

প্রথমে ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়ে এই উদ্যোগ শুরু হলেও অল্প সময়েই সেই লক্ষ্য অতিক্রম করে। পরে স্বাক্ষরের সংখ্যা ২ কোটির মাইলফলকও ছাড়িয়ে যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালের ‘জুবিলি ২০০০’পিটিশনের পর এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন গণস্বাক্ষর উদ্যোগগুলোর একটি হিসেবে আলোচনায় এসেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

তবে ফাইনাল ম্যাচটি ঘিরে ব্যাপক বিতর্কের জন্ম নেয়। সমর্থকদের একাংশের অভিযোগ, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রশ্নের মুখে পড়েন। তাদের দাবি, আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস তাগলিয়াফিকো ফাউল করেও শাস্তি এড়িয়ে যান। অন্যদিকে স্পেনের নিকো উইলিয়ামস ও ফেরান তোরেসের দুটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ছাড়া পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের মাঠের আচরণ ও পারফরম্যান্স নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের একটি অংশ সমালোচনামূলক মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন