বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টিকিটের দামও। ম্যাচের আগমুহূর্তে পুনর্বিক্রয় বাজারে একটি টিকিটের মূল্য সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান।
শনিবার ফিফার অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মে গোলপোস্টের পেছনের গ্যালারির সর্বনিম্ন মূল্যের টিকিট বিক্রি হয় ৬ হাজার ৪১১ ডলার (প্রায় ৮ লাখ টাকা)। তবে অল্প সময়ের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
এরপর অবশিষ্ট টিকিটের সর্বনিম্ন মূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। স্টেডিয়ামের মাঠসংলগ্ন আসনের টিকিট কিনতে ব্যয় করতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার।
সবচেয়ে ব্যয়বহুল হসপিটালিটি প্যাকেজের টিকিটের মূল্য উঠেছে ৬০ হাজার ডলারে, অর্থাৎ প্রায় ৭৪ লাখ টাকা। জনপ্রিয় পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোতেও একই চিত্র দেখা গেছে। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে ১০ হাজার ডলার থেকে, আর লোয়ার বোলের কিছু আসনের মূল্য পৌঁছেছে ৩৫ হাজার ডলার পর্যন্ত।
এবারের বিশ্বকাপ ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ, প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। পাশাপাশি এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ বলেও আলোচনা রয়েছে।
ফাইনালে আর্জেন্টিনার সামনে রয়েছে চতুর্থ বিশ্বকাপ জয়ের হাতছানি। একই সঙ্গে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগও রয়েছে তাদের সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।
চলতি আসরে লিওনেল মেসি এখন পর্যন্ত ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপের আগে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াই হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনালে।