রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

কামিন্সের মুগ্ধতা বৈভব সূর্যবংশীর ৩৭ বলে সেঞ্চুরিতে


প্রকাশ :

প্রথমবার মুখোমুখি হয়েই ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে গেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।

২০১১ সালে টেস্ট অভিষেক হয়েছিল কামিন্সের। একই বছর জন্ম বৈভবের। বয়সের ব্যবধান বড় হলেও আইপিএলের মঞ্চে এসে এবারই প্রথম সরাসরি মোকাবিলা করেন দু’জন। আর সেই লড়াইয়ের পরই বৈভবের ভক্ত হয়ে যাওয়ার কথা নিজেই জানিয়েছেন কামিন্স।

শনিবার (২৫ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩৭ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। ইনিংসটি সাজানো ছিল ১২টি ছক্কায়। মাত্র ৩৬ বলে শতক তুলে নিয়ে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র ২৬ ম্যাচেই তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে, যা এক অনন্য রেকর্ড।

তবে বৈভবের এই বিধ্বংসী ব্যাটিং সত্ত্বেও জয় পায়নি রাজস্থান। ২২৯ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই টপকে যায় হায়দরাবাদ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বৈভবের প্রশংসায় ভাসেন কামিন্স। তিনি বলেন, “ও আমার নতুন প্রিয় খেলোয়াড়দের একজন। বল খুব জোরে মারে। ওর ব্যাটিং দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা।”

বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন কামিন্স। তিনি আরও বলেন, “তার বিপক্ষে নিখুঁত বল করতে হয়। না হলে বল সহজেই সীমানা ছাড়িয়ে যায়। ও অসাধারণ খেলছে, তার শুরুটা সত্যিই দারুণ।”