প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগ-এ একই দলে খেলতে যাচ্ছেন জাতীয় দলের সাদা বলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। এবারের আসরে তারা মাঠে নামবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।
দীর্ঘদিন ধরে লিগে অংশ নিলেও এখনো শিরোপার দেখা পায়নি রূপগঞ্জ। ২০১৮-১৯ ও ২০২১-২২ মৌসুমে রানার্স-আপ হওয়াই তাদের সেরা সাফল্য। তবে এবার দুই তারকা অধিনায়ককে দলে ভিড়িয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নতুন পরিকল্পনায় এগোচ্ছে দলটি।
রূপগঞ্জে যোগ দিয়ে নিজেদের লক্ষ্য পরিষ্কার করেছেন মিরাজ। তার ভাষায়, দলটি ভারসাম্যপূর্ণ এবং সবাই মিলে ভালো সমন্বয় ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
অন্যদিকে লিটন দাস বলেন, জাতীয় দলের দায়িত্বই তাদের প্রধান অগ্রাধিকার। তবে লিগে যত ম্যাচ খেলার সুযোগ পাবেন, ততবারই ক্লাবের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।
দলের নেতৃত্ব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। তার মতে, দলে দুই অধিনায়ক থাকায় বিষয়টি তারা নিজেরাই ঠিক করবেন। প্রয়োজনে অন্য কাউকেও নেতৃত্ব দেওয়া হতে পারে।
মিরাজ ও লিটনের পাশাপাশি দলে রয়েছেন সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, ইরফান শুক্কুর, হাবিবুর রহমান সোহান ও শরীফুল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তরুণদের মধ্যে আছেন আশিকুর রহমান শিবলি, সামিউন বশির রাতুল ও স্বাধীন ইসলাম—যা দলটিকে করেছে আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ।