সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

মেসির সঙ্গে দ্বন্দ্বেই মায়ামি কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো


প্রকাশ :

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হ্যাভিয়ের মাশ্চেরানো। তবে ভেতরের গল্প বলছে, এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ ছিল দলের প্রধান তারকা লিওনেল মেসির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন।

গত সপ্তাহে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর ড্রেসিংরুমে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই ঘটনার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করেন মাশ্চেরানো।

তবে সমস্যার শুরু আরও আগে। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোতে ন্যাশভিলের কাছে অপ্রত্যাশিত হারে বিদায় নেয় ইন্টার মায়ামি। এই ব্যর্থতার পর থেকেই ড্রেসিংরুমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। ক্লাব কর্তৃপক্ষও ফলাফলে অসন্তুষ্ট ছিল।

বার্সেলোনা ও আর্জেন্টিনা দলে দীর্ঘদিন একসঙ্গে খেলা মেসি ও মাশ্চেরানোর সম্পর্ক মাঠের বাইরে বন্ধুত্বপূর্ণ হলেও, কোচ-খেলোয়াড় হিসেবে তাদের অবস্থান ছিল ভিন্ন। দলের কৌশল ও পারফরম্যান্স নিয়ে দুজনের মধ্যে প্রায়ই তর্ক-বিতর্ক হতো বলে জানা গেছে। মাশ্চেরানো নিজের অবস্থানে অনড় ছিলেন এবং প্রয়োজনে মেসিকেও চ্যালেঞ্জ করেছেন।

ক্রমে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, সম্পর্কের টানাপোড়েন আর বাড়াতে চাননি মাশ্চেরানো। শেষ পর্যন্ত দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন গুইলারমো হয়োস। ক্লাব সূত্রের দাবি, মেসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কই এই নিয়োগের পেছনে বড় ভূমিকা রেখেছে। মেসি তাকে নিজের ‘ফুটবল পিতা’ হিসেবে দেখেন বলেও জানা গেছে।