বিশ্বকাপ দলে জায়গা ধরে রাখার কঠিন লড়াইয়ের মধ্যেই বড় ধাক্কা খেলেন ব্রাজিলিয়ান তারকা Neymar। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে পুরোপুরি ফিট রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তুতির মাঝেই হঠাৎ করে তাকে হাঁটুর অস্ত্রোপচারের পথ বেছে নিতে হলো।
স্প্যানিশ সংবাদমাধ্যম Marca জানায়, কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার প্রথম ম্যাচের আগে সান্তোসের ম্যানেজার কুকা নিশ্চিত করেন যে, ফিফা আন্তর্জাতিক বিরতির সময়েই নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। এ সময় তিনি অনুশীলন থেকে বিরত ছিলেন এবং অস্ত্রোপচারের পর কয়েকদিন বিশ্রামে কাটান।
ব্রাজিলিয়ান লিগের মৌসুম শেষ হওয়ার পর ডাক্তারদের পরামর্শেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার। মার্কার প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস পর আবারও অপারেশন থিয়েটারে যেতে হয় এই তারকাকে। এবার প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা থেরাপির মাধ্যমে হাঁটুর ক্ষতিগ্রস্ত টিস্যু শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, আন্তর্জাতিক বিরতির সময়েই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেন নেইমার। তখন তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার আশায় ছিলেন। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে পুরোপুরি ফিট হওয়ার লক্ষ্য নিয়েই তিনি এখন পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দিচ্ছেন, যাতে কোচিং স্টাফের আস্থা অর্জন করে স্কোয়াডে জায়গা করে নিতে পারেন।