যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস লালমনিরহাটের ব্যবস্থাপনায় ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় লালমনিরহাট সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার সৌমিক রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, খুনিয়াগাছ এমদাদ উল্লাহ এম.এম. দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও সংগঠক মো. মাসুম মিয়া, লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবলার আবেদ আলী পুতুল এবং লালমনিরহাট সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম লিকু। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, কোচ, ম্যানেজার, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। বক্তৃতা পর্ব শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করেন।
দিনব্যাপী এ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় লালমনিরহাট জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয় ২-০ সেটে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে ম্যাচসেরা তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় সুজন ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।