উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বড় সুযোগের। জয় পেলেই একসঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি এশিয়ান গেমসে জায়গা পাকা হয়ে যেত। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে আমিরুল ইসলামদের।
এই ড্রয়ের ফলে বাংলাদেশের এশিয়ান গেমসে খেলার পথ কঠিন হয়ে পড়েছে। যদিও এখনো পুরোপুরি আশা শেষ হয়নি। ৯ দলের বাছাইপর্ব থেকে ৬টি দল চূড়ান্ত পর্বে জায়গা পাবে। সে হিসেবে পঞ্চম বা ষষ্ঠ স্থান অর্জন করলেও এখনও সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
বাছাইপর্বে তিন ম্যাচ শেষে উজবেকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান—চার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠে গেছে উজবেকিস্তান, আর পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
সোমবার (৬ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন মিরনশোখ ওর্তিকবোয়েভ।
তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ম্যাচের শেষ কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় দলটি। ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আমিরুল ইসলাম। শেষ পর্যন্ত আর কোনো দলই গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।