দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা শেষে ২০২৬ বিশ্বকাপকে ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের আদর্শ সময় হিসেবে দেখছেন দেশটির কিংবদন্তি ডিফেন্ডার ও সাবেক অধিনায়ক কাফু।
২০০২ সালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেই দলের নেতৃত্বে ছিলেন কাফু। এরপর পাঁচটি আসর পেরিয়ে গেলেও শিরোপার খুব কাছেও পৌঁছাতে পারেনি সেলেসাওরা। বহু প্রতীক্ষিত ‘হেক্সা মিশন’ এখনও অধরাই রয়ে গেছে।
সোমবার (২০ এপ্রিল) স্পেনের মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কথা বলতে গিয়ে কাফু বলেন, সময়টা এবার ব্রাজিলের পক্ষেই যেতে পারে। তার বিশ্বাস, নতুন কোচ কার্লো আনচেলত্তির অভিজ্ঞতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
কাফুর ভাষায়, শেষবার শিরোপা জয়ের প্রায় আড়াই দশক পর এখনই সঠিক সময় ঘুরে দাঁড়ানোর। ধারাবাহিক সাফল্যের অভিজ্ঞতা থাকা আনচেলত্তি ব্রাজিল দলে ইতিবাচক পরিবর্তন আনবেন বলেও মনে করেন তিনি।
তবে শিরোপা জিততে হলে রক্ষণভাগে আরও দৃঢ় হতে হবে—এমনটাই মনে করেন এই সাবেক অধিনায়ক। তার মতে, ব্রাজিল যদি পুরো টুর্নামেন্টে গোল হজম না করে, তাহলে আক্রমণভাগ অন্তত একটি করে গোল করেই ম্যাচ জেতাতে পারবে।
এদিকে আসন্ন বিশ্বকাপে তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের দিকেও নজর রাখছেন কাফু। তার বিশ্বাস, বিশ্বকাপই হতে পারে নিজের সামর্থ্য প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ। ফাইনাল পর্যন্ত যেতে পারলে আট ম্যাচেই নিজেকে বিশ্বদরবারে নতুনভাবে তুলে ধরার সুযোগ পাবে এই ফরোয়ার্ড।