সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, উদ্বেগ জানাল বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন


প্রকাশ :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নেবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বমঞ্চে বাংলাদেশ দলের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে ক্রিকেটকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া এবং এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ এই আসরে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটিং দেশের অনুপস্থিতি আমাদের খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘বিভাজন বা বর্জনের পথে না গিয়ে আমরা ক্রিকেটের নেতৃত্বের প্রতি আহ্বান জানাই—সংস্থা, বিভিন্ন লিগ ও খেলোয়াড়সহ সব অংশীজনকে সঙ্গে নিয়ে ক্রিকেটকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করার জন্য।’

উল্লেখ্য, কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে গত ৩ জানুয়ারি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওই ঘটনার পর নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরপর আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ দল তাদের সিদ্ধান্তে অনড় থাকবে।