২০২৬ বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে উদ্বেগ। দলটির অধিনায়ক Lionel Messi বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার ক্লাব Inter Miami CF।
সোমবার দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, মেডিকেল পরীক্ষায় মেসির বাম হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত অতিরিক্ত চাপ ধরা পড়েছে। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।
রোববার Philadelphia Union–এর বিপক্ষে ম্যাচেই চোটের আভাস পাওয়া যায়। ৬-৪ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে হঠাৎ বাম পায়ের পেছনে অস্বস্তি অনুভব করেন মেসি এবং বদলির ইঙ্গিত দেন। যদিও মাঠ ছাড়ার সময় তাকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গেছে, যা কিছুটা স্বস্তি দিয়েছে সমর্থকদের।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, মেসির শারীরিক অবস্থার উন্নতির ওপরই তার মাঠে ফেরার সময় নির্ভর করবে। ফলে বিশ্বকাপের আগে তাকে নিয়ে অনিশ্চয়তা বাড়ছে আর্জেন্টিনা দলে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। শিরোপাধারী আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ব্যস্ত সূচির মধ্যে নিজের ফিটনেস সামলে খেলছেন ৩৮ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। শারীরিক চাপ কমাতে বেশ কয়েকটি ম্যাচে তাকে বিশ্রামও দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা জেতানো মেসির নেতৃত্বেই এবারও দল মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন বিশ্বকাপটি হতে পারে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা গড়তে পারে নতুন রেকর্ড।
আগামী সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। এর আগে প্রস্তুতি ম্যাচে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।