বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ইন্টারনেট ছাড়াই নির্ধারিত সময়ে মেসেজ পাঠাবে হোয়াটসঅ্যাপ, আসছে নতুন ফিচার


প্রকাশ : (১৯ ঘন্টা আগে)
ইন্টারনেট ছাড়াই নির্ধারিত সময়ে মেসেজ পাঠাবে হোয়াটসঅ্যাপ, আসছে নতুন ফিচার

ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পৌঁছে যাবে প্রাপকের কাছে। জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে এমনই একটি নতুন সুবিধা। ‘মেসেজ শিডিউলিং’ নামের এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই বার্তা, ছবি ও ভিডিও পাঠানোর সময় নির্ধারণ করে রাখতে পারবেন।

ফলে প্রিয়জনের জন্মদিনে রাত ১২টায় শুভেচ্ছা পাঠানো কিংবা জরুরি তথ্য নির্দিষ্ট সময়ে জানাতে আর ঠিক সেই মুহূর্তে অনলাইনে থাকার প্রয়োজন হবে না।

প্রযুক্তিবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪০.৭-এ ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। এটি চালু হলে ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাটে গিয়ে মেসেজ লেখার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলেই সময় নির্ধারণের অপশন পাবেন। সেখান থেকে মেসেজ পাঠানোর তারিখ ও সময় বেছে নেওয়া যাবে।

শুধু লিখিত বার্তা নয়, ছবি, ভিডিও ও লিংকও নির্ধারিত সময়ে পাঠানোর জন্য শিডিউল করা যাবে। ছবি বা ভিডিওর সঙ্গে ক্যাপশনসহ অন্যান্য সম্পাদনার সুবিধাও থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষামূলক ফিচারটিতে অন্তত ১০ মিনিট পর থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে যেকোনো সময়ের জন্য মেসেজ নির্ধারণের সুযোগ রাখার কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ের আগে শিডিউল করা বার্তা সম্পাদনা বা মুছে ফেলার সুবিধাও থাকবে। ফলে পরিকল্পনা পরিবর্তন হলে সহজেই বার্তা সংশোধন করা যাবে।

ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ব্যবহার করা যাবে এ সুবিধা। গ্রুপের গুরুত্বপূর্ণ ঘোষণা, সভার সময়সূচি কিংবা প্রয়োজনীয় তথ্য আগেই তৈরি করে রাখলে নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানোর বিষয়টি সহজ হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও বার্তা স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর ব্যবস্থা রাখা হচ্ছে। তবে ইন্টারনেট সংযোগ না থাকলে বার্তা ঠিক কীভাবে পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত প্রযুক্তিগত ব্যাখ্যা এখনো স্পষ্ট নয়।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। শিডিউল করা বার্তার ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন কীভাবে কার্যকর থাকবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরীক্ষা শেষে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।

বিজ্ঞাপন