মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তেলের দামে বড় উত্থান, ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়াল


প্রকাশ : (১৩ ঘন্টা আগে)
তেলের দামে বড় উত্থান, ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথ ও সরবরাহ অবকাঠামোতে হামলার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআইয়ের দামও উঠে যায় ১০২ ডলারের ওপরে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে হুথিদের নতুন হামলা, উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলা এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ১৩ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ দশমিক ৯০ ডলার বা ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে পৌঁছায়। একই সময়ে ডব্লিউটিআই ফিউচার্সের দাম ২ দশমিক ২৭ ডলার বা ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩২ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে উভয় ধরনের তেলের দামই ৩ শতাংশের বেশি বেড়েছিল।

সৌদিতে হামলা, পাইপলাইন বন্ধ

রোববার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুথিদের হামলায় কয়েকটি বাড়ি ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। হুথিরা দাবি করেছে, তারা সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে।

এর একদিন আগে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, নিক্ষিপ্ত একটি বস্তু জাহাজটিতে আঘাত করলে আগুন ধরে যায়। পরে জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির উপকূলের কাছে হামলার শিকার একটি বাণিজ্যিক জাহাজে একজন নিহত ও চারজন ক্রু আহত হয়েছেন।

এদিকে শুক্রবার ড্রোন হামলার পর সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যায়। হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটি ব্যবহার করা হয়। রয়টার্সের হিসাবে, এটি বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়তে পারে।

আরও একটি নৌপথ নিয়ে উদ্বেগ

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ এই নৌপথ দিয়ে পরিবহন হয়েছে।

সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় গত সপ্তাহেই বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। জুলাইয়ের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করল।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ওমানে চলমান আলোচনা থেকে কার্যকর কোনো সমাধান না এলে অথবা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু করা সম্ভব না হলে তেলের দাম আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে মার্চের শুরুতে দেখা ১১৯ দশমিক ৪৮ ডলারের সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছানোর ঝুঁকি রয়েছে।

তবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সোমবারের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের পর জুনে একটি অন্তর্বর্তী চুক্তি হলেও কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেস্তে যায়। এরপর যুদ্ধ বন্ধে নতুন করে কোনো শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়নি।

বিজ্ঞাপন