বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১,৯৪৩, ধ্বংসস্তূপে বাড়ছে লাশের দুর্গন্ধ


প্রকাশ :

ভেনেজুয়েলায় স্মরণকালের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ৯৪৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ, আর কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও ক্ষতিগ্রস্ত বহু এলাকায় এখনো পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশ করেন। তিনি জানান, শক্তিশালী এ ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

এদিকে ধ্বংসস্তূপে আটকে থাকা মরদেহগুলো উদ্ধার করতে বিলম্ব হওয়ায় অনেক এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ধসের প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে, যা সময়ের সঙ্গে আরও তীব্র হচ্ছে। তবুও স্বজনদের জীবিত উদ্ধারের আশায় অসংখ্য মানুষ এখনও ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন।

নিখোঁজ ছেলের সন্ধানে অপেক্ষারত মিরেল্লা হেরেরা সিএনএনকে বলেন, “এই অপেক্ষা অসহনীয়। নিজেকে স্বাভাবিক রাখতে পানি পান করছি, হাঁটছি। মনে হচ্ছে, যদি তারা এখনও বেঁচে থাকে, তাহলে নিশ্চয়ই বেরিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছে।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণেও ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হোক ইউরোপীয় মহাকাশ সংস্থার সেনটিনেল-১ স্যাটেলাইটের রাডার তথ্য বিশ্লেষণ করে এ মূল্যায়ন দিয়েছেন। তবে তারা এটিকে প্রাথমিক ও দ্রুত প্রস্তুত করা ক্ষয়ক্ষতির হিসাব বলে উল্লেখ করেছেন।