মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শ্রমবাজার, তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প এবং বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তারেক রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
তিনি জানান, বৈঠকে তথ্যপ্রযুক্তি খাত, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উভয় দেশ এসব খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি করতে আগ্রহ প্রকাশ করেছে।
এ সময় রোহিঙ্গা সংকটের বিষয়টিও আলোচনায় উঠে আসে। তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জনমত গড়ে তোলার জন্য মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের। অনুষ্ঠানে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন।