বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর বেইজিং সফরে একাধিক চুক্তি ও বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনা


প্রকাশ :

বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, অবকাঠামো এবং বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এর অংশ হিসেবে চীন থেকে ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ সরকার

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান বেইজিং সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে যুদ্ধবিমান ক্রয়, শিল্প বিনিয়োগ, বন্দর উন্নয়ন এবং তিস্তা প্রকল্প অন্যতম।সরকারের একাধিক সূত্রের দাবি, যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং চলতি বছরের মধ্যেই এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সফরকালে বাংলাদেশের প্রতিনিধিদল চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে সফরকে ঘিরে দুই দেশের মধ্যে প্রায় ১৭টি চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ) ও যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তিস্তা নদী ব্যারাজ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, মংলা বন্দরের আধুনিকায়ন এবং নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার বিষয়েও আলোচনা হবে। মংলা এলাকায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া সম্প্রতি চট্টগ্রামে একটি চীনা শিল্প পার্ক স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে কয়েকশ মিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। সরকারের মতে, এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের উৎপাদন খাত আরও শক্তিশালী হবে।

বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সম্প্রসারণ আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে সরকার যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে অগ্রসর হচ্ছে।

কূটনৈতিক মহলের ধারণা, বেইজিং সফরের ফলাফল বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় হবে।