বিশ্বের শীর্ষ ধনী Elon Musk–এর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান SpaceX যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। প্রতিষ্ঠানটি বুধবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত নথি জমা দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, এটি ওয়াল স্ট্রিটের ইতিহাসে সবচেয়ে বড় আইপিওগুলোর একটি হতে পারে।
সবকিছু ঠিক থাকলে আগামী জুনে প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকে ‘SPCX’ টিকারে স্পেসএক্সের শেয়ার লেনদেন শুরু হতে পারে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৪০ থেকে ৮০ বিলিয়ন ডলার পর্যন্ত মূলধন সংগ্রহের লক্ষ্য নিয়েছে।
দাখিল করা নথিতে স্পেসএক্সের সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলার। কোম্পানিতে ইলন মাস্কের বড় অংশীদারিত্ব থাকায়, আইপিও সফল হলে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এর ফলে ইতিহাসের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হওয়ার পথে এগিয়ে যাবেন তিনি। বর্তমানে Tesla ও স্পেসএক্সের মালিক মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হচ্ছে।
আইপিও নথির মাধ্যমে প্রথমবারের মতো স্পেসএক্সের আর্থিক চিত্রও সামনে এসেছে। এতে দেখা যায়, গত বছর কোম্পানিটির আয় ছিল ১৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। তবে একই সময়ে তাদের নেট লোকসান হয়েছে ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথম তিন মাসেও ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার বিক্রির বিপরীতে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার লোকসান গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
নথি অনুযায়ী, রকেট ও প্রযুক্তিগত সরঞ্জামসহ কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ১০২ বিলিয়ন ডলার। বিপরীতে ঋণ রয়েছে প্রায় ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, Starlink স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণ, Starship রকেট উন্নয়ন এবং মঙ্গলে মানব বসতি স্থাপনের উচ্চাভিলাষী প্রকল্পে বিপুল বিনিয়োগের কারণেই সাময়িকভাবে লোকসানে রয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে আইপিও নথিতে আরও জানা গেছে, মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান xAI–এর সঙ্গে যুক্ত ডেটা সেন্টার ব্যবহারের জন্য এআই কোম্পানি Anthropic দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। ২০২৯ সাল পর্যন্ত চলা এ চুক্তির আওতায় প্রতি মাসে বিপুল অর্থ পরিশোধ করা হবে, যা স্পেসএক্সের ভবিষ্যৎ আয়ে বড় ভূমিকা রাখতে পারে।
তবে আইনি ঝুঁকির বিষয়টিও গুরুত্ব পেয়েছে আইপিও নথিতে। সম্ভাব্য মামলা মোকাবিলায় প্রায় ৫০ কোটি ডলারের বেশি সংরক্ষণ রাখার কথা জানিয়েছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’ নিয়ে ওঠা বিতর্ক এবং এআই–নির্ভর ডিপফেক কনটেন্ট সংক্রান্ত অভিযোগ।
এছাড়া সম্প্রতি OpenAI ও এর প্রধান Sam Altman–এর বিরুদ্ধে করা আলোচিত মামলায় আদালতে পরাজিত হয়েছেন ইলন মাস্ক। এমন প্রেক্ষাপটে স্পেসএক্সের আইপিও আবেদন নতুন করে প্রযুক্তি ও বিনিয়োগ বিশ্বে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, রকেট উৎক্ষেপণ ও স্যাটেলাইট ইন্টারনেট সেবায় স্পেসএক্সের আধিপত্য থাকলেও, ইলন মাস্কের রাজনৈতিক অবস্থান, বিভিন্ন বিতর্ক এবং শ্রমিক নিরাপত্তা ইস্যু ভবিষ্যতে বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।