চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট Xi Jinping। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রাদেশিক রাজধানী চাংশায় অবস্থিত হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে। আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত ওই এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের পর ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। আশপাশের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকর্মী ও চিকিৎসাসেবক অংশ নিয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে আগুন ও ধ্বংসস্তূপের দৃশ্য দেখা গেলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বৈশ্বিক আতশবাজি সরবরাহে চীনের বড় অংশীদারিত্ব রয়েছে। গত বছর দেশটি প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে।
সূত্র: ইত্তেফাক