ইরানে নতুন করে কোনো যুদ্ধ চান না যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা। এ দাবিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। এসময় পুলিশ অন্তত ৬০ জনকে আটক করে।
‘অ্যাবাউট ফেস’ (About Face) নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এ বিক্ষোভের আয়োজন করা হয়। সাবেক সেনা সদস্যদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধমুখী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে কার্যকর ভূমিকা নিতে হবে। তাদের মতে, যুদ্ধ ঠেকানোর সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের হাতেই রয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া সাবেক সেনারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, দূর-দূরান্ত থেকে এসে সাধারণ মানুষকে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানাতে হচ্ছে। তারা ইরাক যুদ্ধের সময়কার পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা টেনে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি জোরদার করতে অতীতের মতো একই ধরনের যুক্তি ও অজুহাত আবারও ব্যবহার করা হচ্ছে।
বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের স্থান ত্যাগের নির্দেশ দেয়। তবে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে পুলিশ বলপ্রয়োগ করে এবং এক পর্যায়ে অন্তত ৬০ জনকে আটক করে। ঘটনার পর কংগ্রেস ভবনের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিক্ষোভে সাবেক সেনা সদস্যদের পাশাপাশি বর্তমানে কর্মরত সেনাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। তাদের দাবি, সম্ভাব্য এই যুদ্ধ অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ। দ্রুত রাজনৈতিক সমাধান না এলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।