মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

অভিযোগের মুখে ট্রাম্প প্রশাসনের শ্রম সচিবের পদত্যাগ


প্রকাশ :

ব্যক্তিগত ও পেশাগত অসদাচরণের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের শ্রম সচিব লোরি শ্যাভেজ-ডিরেমার। তার বিরুদ্ধে অধস্তন কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কর্মস্থলে মদ্যপান এবং পরিবারের সদস্যদের মাধ্যমে নারী কর্মীদের হয়রানির অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করেছিল।

ডোনাল্ড ট্রাম্প-এর দ্বিতীয় মেয়াদে তিনি তৃতীয় ক্যাবিনেট সদস্য হিসেবে পদত্যাগ করলেন। উল্লেখযোগ্যভাবে, এই মেয়াদে বিদায় নেওয়া তিনজন উচ্চপদস্থ কর্মকর্তাই নারী। এর আগে পদত্যাগ করেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, বেসরকারি খাতে যোগ দেওয়ার উদ্দেশ্যে পদ ছাড়ছেন শ্যাভেজ-ডিরেমার। তবে তার এই পদত্যাগ এমন সময়ে এলো, যখন তার স্বামী শন ডিরেমারের বিরুদ্ধেও দপ্তরের ভেতরে নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

শ্রম সচিব হিসেবে দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক পর্যায়ে শিশুশ্রম প্রতিরোধে বরাদ্দ অর্থ বাতিল এবং শ্রমিক সুরক্ষার একাধিক নীতিমালা শিথিল করার কারণে তিনি সমালোচনার মুখে ছিলেন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত শ্রম সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কিথ সন্ডারলিং।

সূত্র: দ্য গার্ডিয়ান