গাজায় প্রয়োগ করা কৌশলের ধারাবাহিকতায় এবার লেবাননেও ‘হলুদ রেখা’ নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী। এ কৌশলের আওতায় নির্দিষ্ট কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখে সেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত এই সীমারেখার ভেতরে থাকা এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দাদের ফিরে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর শীর্ষ কর্মকর্তারা।
আইডিএফের ভাষ্য অনুযায়ী, ‘হলুদ রেখা’ এমন একটি সীমা, যা তাদের সামরিক নিয়ন্ত্রণাধীন অঞ্চল নির্ধারণ করে এবং নিরাপত্তার অজুহাতে ওই এলাকাকে সাধারণ মানুষের জন্য অপ্রবেশযোগ্য রাখা হয়। গাজায় একই কৌশল প্রয়োগের পর এবার লেবাননেও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) এক ব্রিফিংয়ে আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তু এলাকায় এই সীমারেখা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে এবং তাদের সামরিক তৎপরতা এই সীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৫৫টি গ্রামের বাসিন্দাদের নিজ এলাকায় ফিরতে দেওয়া হবে না। পাশাপাশি যুদ্ধবিরতি চলাকালেও ওইসব এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংসের নামে অভিযান চালানোর সুযোগ রাখছে ইসরায়েল।
এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, দখল ও নিয়ন্ত্রণে নেওয়া এলাকাগুলোতে ভবিষ্যতেও নিজেদের উপস্থিতি বজায় রাখবে আইডিএফ।