বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বেলজিয়ামে ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ, তদন্ত শুরু


প্রকাশ :

যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি চালান বেলজিয়ামে জব্দ করা হয়েছে। দেশটির আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

জানা গেছে, গত ২৪ মার্চ বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে চালান দুটি আটক করা হয়। এর আগের দিনই সেগুলো যুক্তরাজ্য থেকে পাঠানো হয়েছিল। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন ব্রাসেলস কর্তৃপক্ষকে সতর্ক করে জানায়, লিয়েজ বিমানবন্দর হয়ে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে।

জব্দ করা মালামাল পরীক্ষা করে এক বিশেষজ্ঞ প্রকৌশলী সেখানে সামরিক বিমানের যন্ত্রাংশ ও অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থার উপকরণ শনাক্ত করেছেন। অভিযোগ রয়েছে, এসব সরঞ্জাম যথাযথ ঘোষণা ছাড়া পাঠানো হয়েছিল। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে বেলজিয়াম সরকার এবং এ নিয়ে ইতোমধ্যে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। তবে ওয়্যালুন আঞ্চলিক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যারোস্পেস প্রতিষ্ঠান ‘মুগ’ রয়েছে। তাদের যুক্তরাজ্যের কারখানা থেকেও এর আগে একইভাবে সরঞ্জাম পাঠানোর তথ্য পাওয়া গেছে।

তদন্ত সূত্রে জানা যায়, এসব চালান যুক্তরাজ্যের একটি ওপেন ইন্ডিভিজুয়াল এক্সপোর্ট লাইসেন্সের আওতায় পাঠানো হচ্ছিল এবং সামরিক সরঞ্জাম হিসেবে নয়, সাধারণ বিমানের যন্ত্রাংশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অনুসন্ধানে আরও জানা গেছে, একই পদ্ধতিতে অন্তত ১৭টি চালান লিয়েজ হয়ে ইসরায়েলে গেছে।

এদিকে, বেলজিয়াম সরকার জানিয়েছে, এ ধরনের চালান পরিবহনের জন্য ট্রানজিট লাইসেন্স বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট চালানের ক্ষেত্রে কোনো লাইসেন্সের আবেদন করা হয়নি। এমনকি আবেদন করা হলেও বর্তমান পরিস্থিতিতে তা অনুমোদন দেওয়া হতো না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গাজা পরিস্থিতি বিবেচনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য ইসরায়েলে অস্ত্র রপ্তানির কিছু লাইসেন্স স্থগিত করেছিল। তবে নির্দিষ্ট কিছু সামরিক কর্মসূচির ক্ষেত্রে সীমিত ছাড় এখনও বহাল রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই