বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মালদ্বীপে মন্ত্রিসভা সংকোচন, ভরাডুবির পর বড় রদবদল


প্রকাশ :

স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর মালদ্বীপে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মন্ত্রিসভার আকার কমিয়ে ২০ সদস্য থেকে ১৫ জনে নামিয়ে আনা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানী মালে থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক দক্ষতা বাড়াতে ও ব্যয় সংকোচনের লক্ষ্যে এই পুনর্গঠন করা হয়েছে।

নতুন এই মন্ত্রিসভায় চারজন নতুন মুখ যুক্ত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবদুল্লাহ খলিলের স্থলে লন্ডনে মালদ্বীপের হাইকমিশনার ইরুতিশাম আদমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোহামেদ ঘাসান মাউমুনের উত্তরসূরির নাম এখনও ঘোষণা করা হয়নি।

এই রদবদলের আগে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রীসহ আরও নয়জন মন্ত্রী পদত্যাগ করেন, যা পুনর্গঠনের পথ তৈরি করে। এর মাত্র ১০ দিন আগে অনুষ্ঠিত গণভোটে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নাকচ করে দেন দেশটির জনগণ। প্রস্তাবটি ছিল ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন একই দিনে আয়োজন করা।

এদিকে গণভোটের পাশাপাশি অনুষ্ঠিত স্থানীয় কাউন্সিল নির্বাচনেও প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে। রাজধানী মালে এবং দ্বিতীয় বৃহত্তম অঞ্চল আদ্দুর গুরুত্বপূর্ণ কাউন্সিলগুলো দখল করে নেয় প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্র্যাটিক পার্টি।

প্রায় ১ হাজার ১৯২টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে অবস্থান হওয়ায় দেশটিকে ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর আগ্রহ বাড়ছে। প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষের এই দেশে প্রভাব বিস্তার নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতাও ক্রমেই তীব্র হচ্ছে।