শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা ১৪ দিন স্থগিত


প্রকাশ :

ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধের প্রেক্ষিতে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার ঘোষণায় জানা যায়, আগামী ১৪ দিন দুই পক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকতে পারে। তবে এর প্রধান শর্ত হিসেবে ইরানকে ‘হরমুজ প্রণালি’ অবিলম্বে ও নিরাপদভাবে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষায়, নির্ধারিত সময়ে ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের অধিকাংশ কৌশলগত লক্ষ্য অর্জন করেছে এবং ইরানের সঙ্গে একটি সম্ভাব্য দীর্ঘমেয়াদি সমঝোতার পথে অগ্রগতি হয়েছে। তার মতে, ইরানের পক্ষ থেকে প্রস্তাবিত ১০ দফা আলোচনার একটি কার্যকর ভিত্তি তৈরি করেছে এবং পূর্বের বেশিরভাগ মতপার্থক্যেও সমাধান এসেছে।

তিনি জানান, এই দুই সপ্তাহের সময়সীমা মূলত সম্ভাব্য চুক্তিটি চূড়ান্ত করার সুযোগ তৈরি করবে। ট্রাম্প এ উদ্যোগকে শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

তবে ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই উদ্যোগ সফল হলে, টানা ৩৮ দিনের সংঘাতের অবসানের পথ খুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।